রুশ তেলে নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ওই পরিকল্পনায় মস্কোর কাছ থেকে তেল আমদানি দুই-তৃতীয়াংশ বন্ধের কথা বলা হয়েছে।
এর আওতায় মূলত সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে যে তেল আমদানি করে তার দুই-তৃতীয়াংশ আসে সমুদ্রপথে। কিন্তু পাইপলাইনের মাধ্যমে তেল আনা আপাতত বন্ধ হচ্ছে না।
রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলোর মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে। কারণ, হাঙ্গেরি এর বিরোধিতা করেছে। মস্কো থেকে পাইপলাইনে তেল আমদানি বন্ধে তারা রাজি নয়। ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিচেল বলেছেন, এই সমঝোতার ফলে রাশিয়া যুদ্ধে যে অর্থ ব্যয় করছে সেটির বড় উৎস বন্ধ হবে।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এ নিয়ে ষষ্ঠ বারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত সোমবারের বৈঠকে জোটের ২৭টি দেশের সবগুলো অংশ নিয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতারা কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেছেন। কারণ, হাঙ্গেরি এর বিরোধিতা করছিল। দেশটি তার চাহিদার ৬৫ শতাংশ তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে।



