বিএনপি নেতাদের মানসিক সুস্থতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে : কাদের

ক্ষমতায় থাকাকালে যারা দেশে একটিও মেগাপ্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেনি, সেই বিএনপি যখন মেগাপ্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচার করে, দেশবাসীর মনে তখন বিএনপিনেতাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জনগণ আসলে বুঝে গেছে—ঈর্ষান্বিত বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতেও দ্বিধা করে না।
‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা শয়তানি কারবার’— মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং পরবর্তীকালে সেটা যদি ফিরিয়ে আনা হয়, তাহলে তা তো ভালো উদ্যোগ। শয়তানি কারবার হবে কেন?’
ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের কাছে জানতে চান, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? কিসের এত ভয়? আপনার বক্তব্য শুনে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে—তবে কি আপনারা আপনাদের পাচারকৃত অর্থ দেশে ফিরে আসার আতঙ্কে ভুগছেন?’
‘আওয়ামী লীগ এক দিনও ক্ষমতায় থাকলে বিএনপিরই ক্ষতি’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিন যে পরিমাণ সম্পদ লুট করতে পারতো বিএনপি, এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তা থেকে বঞ্চিত হচ্ছে বলেই মির্জা ফখরুলের মন খারাপ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিনেতাদের নানা কারণে মন খারাপ।’কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল হয়ে যাচ্ছে—সেজন্যই তাদের মন খারাপ।
বাংলাটিভি/জাবেদ আবদুল্লাহ



