
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।
সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারের পক্ষে এবং বিভন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ কীর্তিমান এ মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের এ যোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
শনিবার (২৮ মে) তার মরদেহ সকাল ১১ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বিমানবন্দর থেকে মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনার নেওয়া হবে। গার্ড অব অনার ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে। এরপর সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।
বিকাল ৪টায় মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা নিবেদনের পর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ নেওয়া হবে। গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে স্ত্রীর কবরের পাশে বিকাল সাড়ে ৫টায় তার মরদেহ দাফন করা হবে।আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান।
বাংলাটিভি/শহীদ



