
বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় তাঁকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বিএএফ-এর বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছান এস জয়শঙ্কর। সেখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জয়শঙ্করের এ সফরকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
দুই দেশই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন করছে।
বাংলাটিভি/জাবেদ



