
শেকড়ের টানে ঈদে বাড়ি ফেরা শুরু করেছেন মানুষজন। নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই বাড়ি ফিরবেন ট্রেনে চড়ে। বুধবার (২৭ এপ্রিল) ভোরে ঈদ উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে ট্রেনে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তবে শুরুর দিনেই শিডিউল বিপর্যয় ঘটেছে। নির্ধারিত সময়ে ছাড়েনি ট্রেন।
জানা গেছে, বুধবার ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে বেলা ১১টা পর্যন্ত ধূমকেতু স্টেশনেই আসেনি। যদিও পরে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ৬টা ২০ মিনিটে ঈদযাত্রার আনুষ্ঠানিকতা সারে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে অধিদফতর জানিয়েছে, প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ছাড়বেন বিভিন্ন গন্তব্যে।শিডিউল বিপর্যয়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী-শিশু সঙ্গে নিয়ে আসা ভ্রমণকারীরা।
অন্যদিকে আজও অনেকেই ট্রেনের টিকিট কাটতে স্টেশনে এসেছেন। তবে আজ ভিড় অন্য দিনের তুলনায় কম। সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ দেওয়া হচ্ছে, ১ মে’র অগ্রিম টিকিট। তবে টিকিটের লাইনের জন্য অনেকেই মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকেই স্টেশনে অপেক্ষা করেছেন।
বাংলাটিভি/জাবেদ



