সক্ষমতা হারিয়ে বিএনপি অন্যদের দলে টানার চেষ্টা করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।’ আজ বুধবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাপ্রকাশ করেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ দেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপি’র এ ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।’
‘বিএনপিই এখন গভীর সংকটে আছে, বাংলাদেশ কোনো সংকটে নেই’, বিএনপির মহাসচিবের উদ্দেশে এ কথা বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।’
‘নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখেন। কারণ, তাঁদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।’
‘সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে’—বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখেনি, বরং সে নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সেটা কি বর্তমান সরকারের আমলে? সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তা দেশবাসীসহ সবাই জানেন।’
‘বিএনপিকে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ অবিরাম মিথ্যাচার শুনতে শুনতে এখন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।ওবায়দুল কাদের বলেন, ‘নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই, তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কীভাবে? বিএনপি ও তার সমমনাদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। এ নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই।
বাংলাটিভি/জাবেদ



