Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

র‌্যাবের নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব

র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ সময় তিনি নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহারের প্রস্তাব দেন।

মোমেন-শেরম্যানের বৈঠক নিয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রসচিব র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এটি সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।

বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দপ্তর থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বৈঠকে মোমেন-শেরম্যান যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন এবং দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি উৎসাহিত করার পদক্ষেপ বিষয়েও আলোচনা করেছেন। ডেপুটি সেক্রেটারি শেরম্যান মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে র‌্যাব ইস্যু ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকার, নির্বাচন, রাশেদ চৌধুরীকে ফেরত, রোহিঙ্গা ইস্যু, কোভিড সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক ও চলমান ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন।

ডেপুটি সেক্রেটারি পররাষ্ট্রসচিবের কাছে ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি এ ব্যাপারে বিশদ ব্যাখা উপস্থাপন করেন। সচিব জানান, সরকার আইনের পুনর্মূল্যায়ন এবং সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করছে।

এ সময় ডেপুটি সেক্রেটারি বেসরকারি খাতে ট্রেড ইউনিয়ন অধিকার সংক্রান্ত সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পরবর্তী গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রসচিব নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়নের মতো অগ্রগতি এবং সম্প্রতি দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে অবহিত করেন।

ওই দিন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক সুমনা গুহ রায়ের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেন পররাষ্ট্রসচিব। এ সময় তিনি র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করা যায় কি-না, তা বিবেচনার জন্য আহ্বান জানান। তারা ইউক্রেন পরিস্থিতিতে বৈশ্বিক প্রভাব, ডিজিটাল নিরাপত্তা আইন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button