ইউক্রেনের খারকিভের পারমানবিক চুল্লিতে রুশ বাহিনীর হামলা

ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে বার্তাসংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।
খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে নতুন করে রাশিয়ান সেনারা হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও সেখানকার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি।তবে এখন পর্যন্ত হামলার অংশ থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রকাশ ঘটেনি।
এদিকে ইউক্রেনের একজন রাজনীতিবিদ সতর্ক করে বলেছেন, গোলাগুলির কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে এটি বড় পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। যা বিরাট ধরনের ঝুঁকি তৈরি করবে।
ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমাবর্ষণের ধারাবাহিকতা আশেপাশের অঞ্চলগুলিকে দূষিত করবে। একইসাথে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।
এর আগে শনিবার ইউক্রেনের কিয়েভ অঞ্চলের চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহরের দখল এবং শহরের মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনী।
বাংলাটিভি/শহীদ



