সপ্তাহ ব্যবধানে রাজধানীতে চড়া পেঁয়াজের ঝাঁঝ

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এছাড়া কিছু সবজির দাম কমলেও বেশিরভাগেরই দাম এখনো চড়া। নিত্যপণ্যের মধ্যে ভোজ্যতেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এদিকে, মাছ ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সবজির দামে বেশ তারতম্য রয়েছে। কেজিপ্রতি ঢেঁড়শ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। এছাড়া মানভেদে করলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
এছাড়া, ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। প্রতিকেজিতে শিমের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। লাউয়ের দাম গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
ক্রেতারা বলছেন, বাজারদেরর ক্রম ঊর্ধ্বগতির কারণে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ অবস্থায় খরচ মেটাতে হিমসিম খেতে হচ্ছে।
এদিকে, তেলের দর এখনো চড়া। ৫ লিটার বোতল বিক্রি হচ্ছে ৭৯৫ থেকে ৮০০ টাকায়,অন্যদিকে সপ্তাহঘুরে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। দেশী ও বার্মা পেয়াজ কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা।
এছাড়া ডিম, মাছ ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। ক্রেতাদের প্রত্যাশা, রমজানের আগেই বাজারদর সহনীয় করতে কর্তৃপক্ষ নজরদারি বাড়াবে।
বাংলাটিভি/শহীদ



