বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতার উদাহরণ: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ এখন রাজনৈতিক স্থিতিশীলতার উদাহরণ। অশান্ত বিশ্বে বাংলাদেশ শান্তির পথে চলছে। জঙ্গি সন্ত্রাস দমনে শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ।
মন্ত্রী আজ উপজেলা প্রশাসন কালীগঞ্জ, লালমনিরহাট আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ”সম্পর্কিত আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, যারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে চেয়েছিল এদেশের মানুষ তাদের কে প্রত্যাখ্যান করেছে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। দেশের মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করে হৃদয়ে লালন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ তৈরি করার সুমহান প্রত্যয় নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে এদেশের তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তরুণদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাপী কর্মসংস্থানের এ সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে।

মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জয় বাংলা শ্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, জাতীয় শ্লোগান। জাতীয় এ শ্লোগানকে ধারণ করে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। জয় বাংলা শ্লোগানকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
বাংলাটিভি/শহীদ



