লিগ ওয়ানে সেইন্ট এতিনকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি

লিগ ওয়ান ম্যাচে প্যারিসে ঘরের মাঠে শনিবার রাতের ম্যাচটি ৩-১ গোলে জিতে লিগ টেবিলে ১৬ পয়েন্টে এগিয়ে গেছে পিএসজি।
শুরুতে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করেন এমবাপে। দুটি গোলেই অবদান রাখেন মেসি। এমবাপের অ্যাসিস্টে তৃতীয় গোলটি করেন দানিলো পেরেইরা।
খেলার ৭ম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। এমবাপের উদ্দেশ্যে নেইমারের বাড়ানো বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আবার নিজেই পেয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
১২তম মিনিটে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় সাঁত এতিয়েন। কাছ থেকে ইউসুফের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন জানলুইজি দোন্নারুম্মা। ষোড়শ মিনিটে আর পারেননি তিনি।
এই গোলে দায় আছে পিএসজির পেরেইরার। নিজেদের ডি-বক্সের বাইরে তিনি বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান দেনিস বুয়াঙ্গা। ওয়ান-অন-ওয়ানে দোন্নারুম্মাকে ফাঁকি দেন গ্যাবনের এই ফরোয়ার্ড।
২২তম মিনিটে মেসির ফ্রি-কিকে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক। ২৮তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি শট ঠেকান তিনি। মাঝে বুয়াঙ্গার ১৮ গজ দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি দোন্নারুম্মা।
বিরতির আগে মেসি-এমবাপের নৈপুণ্যে সমতায় ফেরে পিএসজি। ডান দিক থেকে মেসির দারুণ পাস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে ফরাসি ফরোয়ার্ডের শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারও এই দুই তারকার ঝলক। ডি-বক্সে প্রতিপক্ষের দুই জনকে কাটিয়ে মেসি পাস দেন এমবাপেকে। এবারও প্রথম স্পর্শে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা। এগিয়ে যায় পিএসজি।
চার মিনিট পরই ফের সাঁত এতিয়েনের জালে বল। এবার গোলের জোগানদাতার ভূমিকায় এমবাপে। তার দারুণ ক্রসে দূরের পোষ্টে কাছ থেকে হেডে ব্যবধান বাড়ান পেরেইরা।
বাকি সময়েও আধিপত্য ধরে রাখে পিএসজি। ৭৪তম মিনিটে মেসির পাস থেকে দ্বিতীয়ার্ধে বদলি নামা আনহেল দি মারিয়ার দারুণ শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। একটু পর ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন মেসি।
৮০তম মিনিটে স্কোরশিটে নাম উঠতে পারত নেইমারের। তার শট পোষ্টে লাগে। শেষ দিকে দি মারিয়ার আরেকটি শট দারুণ দক্ষতায় ফিরিয়ে ব্যবধান আর বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক।২৬ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
বাংলাটিভি/শহীদ



