
নির্বাচন কমিশন গঠনে বাছাই করা ১০ ব্যক্তির নামের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন সার্চ কমিটি সদস্যরা। আজ সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তালিকা জমা দিতে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।
তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সদস্যদের নাম প্রজ্ঞাপন আকারে ঘোষণা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষে দেশবাসী আগামী সপ্তাহেই নতুন গঠিত ইসি দেখবে।
সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ইমেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় পাঁচশজনের নাম জমা পড়ে।
প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে।গত মঙ্গলবার সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। কিন্তু এ দশজনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি।



