
চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৫ আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এদূর্ঘটনাঘটে।
শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের পুত্র মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার পুত্র রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আঃ খালেকের পুত্র নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের পুত্র মো. সাগর হোসেন (২৪)।প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারে নি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়,নিহতরা প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিলো।নিহতের স্বজনরা জানিয়েছেন,তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাটিভি/জাবেদ



