Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনবাংলাদেশ

সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক আজ, তালিকা হবে ১০ জনের

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে ১০ জনের নাম প্রস্তাব করতে আইনি বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। তার আগেই নাম চূড়ান্ত করতে চায় রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি)। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার সপ্তম ও শেষ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির সদস্যরা।

কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের গত রোববার দেওয়া তথ্যে এসব কথা জানা গেছে। সেদিন সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন বৈঠক শেষে বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করব এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’

গত ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দেওয়ার জন্য নাম সুপারিশ করতে অনুসন্ধান কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২- এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটিকে আছেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

ইসি গঠনে পরামর্শ নিতে সার্চ কমিটি গত সপ্তাহের শনি, রোব ও মঙ্গলবার মোট তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে। সেখানে নিবন্ধিত রাজনৈতিক দল,পেশাজীবী সংগঠন,ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম গত সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যদিও সেখানে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ই-মেইলে এসেছে ৯৯ জনের নাম, আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে।

পরে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন। গত রোববার ষষ্ঠ বৈঠকে ২০ জন থেকে নামের তালিকা আরও ছোট করে ১২ জনের মতো করে আনার আভাস দেওয়া হয়। এরপর আজ মঙ্গলবার সপ্তম সভায় সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক হবে বলে জানা গেছে। এরপর ২৪ ফেব্রুয়ারি নামগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানোর কথা।

স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এর পর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এ কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button