
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদে নাম প্রস্তাবের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আরও একদিন সময় পাচ্ছে। দলগুলো সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের ই-মেইল [email protected] এ নাম দিতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সার্চ কমিটির কাছে জমা দেওয়া সকল নামের তালিকা সোমবারেই সন্ধ্যায় দ্রুততম সময়ে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (www.cabinet.gov.bd) প্রকাশ করা হবে।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে গঠিত অনুসন্ধান কমিটি বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দিন বৈঠক করেছে। গতকাল রোববার শেষ দিনের বৈঠকের শুরুতে অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান রাজনৈতিক দলগুলোর জন্য সময় বৃদ্ধি এবং অনুসন্ধান কমিটির কাছে জমা হওয়া সব ব্যক্তির নাম প্রকাশ করার কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়েও এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, গতকাল পর্যন্ত ৩২৯ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ব্যক্তিগত পর্যায়ে এসেছে ৯৯ জনের। ব্যক্তিগত পর্যায়ে নিজে নিজেকে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় পাওয়া গেছে ২০ জনের নাম।
বাংলা টিভি/ আসাদ রিয়েল



