
উত্তর জনপদে গোটা রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় উপর দিয়ে আজও বইছে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়ার কারণে হাড়কাঁপানো শীত নেমেছে এসব এলাকায়।
সকালে দেশের ২১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তাপমাত্রা ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে তুলনামূলক কম অনুভূত হলেও, শীতের দাপটে বিপর্যস্ত গ্রামীণ অঞ্চলের জনজীবন। জরুরি কাজ ছাড়া লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন না। এ অবস্থায় কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন। ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে দিনের অনেকটা সময় পর্যন্ত যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
বাংলাটিভি/শহীদ



