
দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু, নতুন রোগী, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার—সবই বেড়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আর শনাক্তের হার সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন ১ জনের মৃত্যু এবং ১ হাজার ১১৬ জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
শনাক্তের হার সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৭৯ শতাংশ।সাড়ে তিন মাস পর আজ তৃতীয় দিনের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশের ওপরে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন নারী, ১ জন পুরুষ। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে আর ১ জনের চট্টগ্রাম বিভাগে।
করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৭০০। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১৭ জন সুস্থ হয়েছেন।
বাংলাটিভি/শহীদ



