বুস্টার ডোজ শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

দেশে দুই জনের ওমিক্রন শনাক্ত হওয়ায় দেশবাসীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শিগগিরই বুস্টার ডোজ দেওয়া শুরু করার জন্য নির্দেশনা দিয়েছেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,‘কীভাবে, কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এর আগে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, বৈঠকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,এরই মধ্যে দেশে ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এ ক্ষেত্রে তেমন অগ্রগতি নাই। এটা বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে। যদিও দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, মারা যায়নি কেউ এবং ওমিক্রনে মৃত্যুর হার কম। যদিও এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মানতে হবে।
বাংলাটিভি/ রাপ্পি



