
ব্যাটিং ব্যর্থতায় বড় লক্ষ্য পায়নি বাংলাদেশ। পাকিস্তানকে জিততে করতে হতো মাত্র ১২৫ রান। এই লক্ষ্য তাড়ায় জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ দিকে ম্যাচে জমিয়ে দেন শহিদুল ইসলাম ও মাহমুদউল্লাহ। জয়ের খুব কাছাকাছিও চলে যায় লাল-সবুজের দল। কিন্তু জয় পাওয়া হলো না। শেষের নাটকীয়তায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান। বোলার ছিলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারের প্রথম বলে ডট দেন তিনি। পরের দুই বলে আউট করেন সরফরাজ আহমেদ ও হায়দার আলীকে। তবে চতুর্থ বলে ছক্কা খেয়ে যান। পরের বলেই তুলে নেন আরেকটি উইকেট। ফলে শেষ বলে দরকার ছিল দুই রান। কিন্তু শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশের স্বপ্ন ভাঙেন নেওয়াজ।
টানা জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাবর আজমের দল। এই প্রথম পাকিস্তানের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আর সবমিলিয়ে দ্বিতীয়বার। এর আগে শেষ ২০১৮ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল লাল-সবুজের দল।
বাংলাটিভি/ সাকিব



