
ফ্রান্সে এখনো নিজের পছন্দ মতো বাড়ি খুজে পাননি লিওনেল মেসি। তাই স্ত্রী সন্তান নিয়ে আপাতত ফ্রান্সের একটি বিলাসবহুল হোটেলে থাকছেন পিএসজির এই তারকা। স্থায়ীভাবে বাসা না পাওয়া পর্যন্ত প্যারিসের হোটেল লে রয়্যাল মনসু হোটেলে থাকছেন মেসি ও তাঁর পরিবার। কিন্তু প্যারিসে মেসি অবস্থান করা ওই হোটেলেই ডাকাতির ঘটনা ঘটেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বুধবার রাতে মেসিরা হোটেলের যে অংশে থাকেন, তার ঠিক ওপরের তলায় ডাকাতি হয়। ডাকাতরা বেশ কয়েকটি কক্ষ ভেঙে লাখ টাকার অলংকার ও দামি জিনিসপত্র নিয়ে গেছে। পাঁচ তারকা সেই হোটেলের ছাদের দিকের একটি ব্যালকনির দরজা দিয়ে ঢুকেছে ডাকাতেরা।
এসময় ডাকাতদের সবার মুখ মুখোশে ঢাকা ছিল। একজনের রুম থেকে ৫০ হাজার ইউরোর বেশি জিনিসপত্র নিয়ে গেছে। তবে মেসিদের রুমে কোনো সমস্যা হওয়ার কথা শোনা যায়নি। এই ঘটনার পর হোটেলটির চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বাংলাটিভি/সাকিব



