
রাজধানীর বাজারগুলোতে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত। আর কাঁচা মরিচের দাম গিয়ে ঠেকেছে ২শ’ টাকায়। এছাড়া লাগাম ছাড়িয়েছে মুরগির বাজারদরে। ১৫ দিনের ব্যবধানে ব্রয়লার, দেশি ও সোনালী মুরগির দাম বেড়েছে ৪০ থেকে ৯০ টাকা পর্যন্ত। নিত্যপন্যের এমন উর্ধ্বগতিতে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজী। এছাড়া বাজারে এখনও সরবরাহ আছে গ্রীষ্ম-বর্ষার সবজিও। তারপরেও দিন যতো যাচ্ছে যেন পাল্লা দিয়ে বাড়ছে প্রায় সবধরনের সবজির দাম।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারের এত সবজি থাকার পরেও সরবরাহের ঘাটতিকে দুষছেন বিক্রেত্রারা, আর বাড়তি দামে সবজি কিনতে রীতিমত হিমশিম সাধারণ ক্রেতারা। এছাড়া চলতি সপ্তাহে কাঁচা মরিচের কেজি গিয়ে ঠেকেছে ২০০ টাকায়।
এদিকে, মুরগির বাজারেও আগুন লাগা দাম। ব্রয়লার, দেশি ও সোনালী সব মুরগির বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশ চড়া দামেই।
তবে কিছুটা স্বস্তি দিচ্ছে মাছের বাজার, নতুন করে দাম না কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই।
এছাড়, গরু-খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।



