
বীজবিহীন বারমাসি বিনালেবু-১ অনাবাদি পতিত জমিতে চাষ কোরে সফল হয়েছেন ফরিদপুরের বোয়ালমারীর এক কৃষক। ২০১৮ সালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট, ভিয়েতনামের স্থানীয় লেবুর জাত থেকে জার্মপ্লাজম সংগ্রহের মাধ্যমে উদ্ভাবন করেন এই নতুন জাতের লেবু। আর এতে সৃষ্টি হয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার। স্থানীয়দের মাঝেও ব্যাপকভাবে আগ্রহ বেড়েছে এই জাতের লেবু চাষে।
বীজবিহীন বারমাসি বিনালেবু-১ স্থানীয়ভাবে সিডলেস বা চায়না-থ্রি লেবু নামেই বেশি পরিচিত। এ জাতের লেবু চাষ করেছেন ফরিদপুরের বোয়ালমারীর শহিদুল ইসলাম নামে এক কৃষক। বর্তমানে তার বাগানে বাম্পার ফলন হয়েছে।
২০১৯ সালে দেড় একর পতিত জমিতে, এক হাজার সিডলেস লেবুর চারা রোপণ করেন তিনি। চারা কেনা,রোপণ,জমি তৈরি,সেচ ও সারসহ, প্রথম বছর প্রায় দুই লাখ টাকা খরচ হয় শহিদুলের। পরের বছরই ফলন আসতে শুরু করে গাছগুলোতে। প্রথম বছর প্রায় দুই লাখ টাকার লেবু বিক্রি করেন শহিদুল। ২০২১ সালের আগস্ট পর্যন্তু বিক্রি করেছেন আড়াই লাখ টাকা।
শহিদুলের সফলতা দেখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থান থেকে আসছেন আগ্রহী কৃষকরা। অনেকেই তার পরামর্শ নিচ্ছেন সিডলেস লেবুর বাগান করার।
বাগান করার শুরু থেকে তাকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে জানিয়ে, উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নতুন চাষিদের সব ধরনের সহযোগিতা করা হবে। ১২ মাস ফলন দেয়া সিডলেস লেবুতে প্রচুর রস ও ঘ্রাণযুক্ত হওয়ায়, এর ব্যাপক চাহিদা রয়েছে।
বাংলাটিভি/নিউজ ডেস্ক / এস



