
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বানিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে মাল্টার চাষ। অন্যান্য কৃষি ফসলের পাশাপাশি সুস্বাদু,পুষ্টিকর ও রসালো ফল মাল্টা চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা। তবে অন্যান্য ফল ও ফসলের দাম কম এবং খরচ বেড়ে যাওয়ায়, মাল্টার আবাদে আগ্রহ বাড়ছে চাষিদের।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোটের সাইফুল ইসলাম ছোটন। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে, ২০১৭ সালে প্রায় এক একর জমিতে কৃষি অফিস থেকে প্রদর্শনী নিয়ে এবং নিজে কিছু বারি মাল্টা-১ জাতের চারা দিয়ে, মাল্টার চাষ শুরু করেন।
বর্তমানে তার বাগানে প্রায় ২শ’টি মাল্টার গাছ রয়েছে। প্রথম দফায় ফলন কম হওয়ায়, ২০২০ সালের অক্টোবরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মাল্টা বিক্রি করেন। চলতি বছর প্রায় লক্ষাধিক টাকার মাল্টা বিক্রির আশা করছেন তিনি।
ছোটনের মতো উত্তর নোয়ামুড়া এলাকার এডভোকেট ইউনুসও মাল্টা বাগান করেছেন। তার বাগানে প্রচুর পরিমান মাল্টা ধরেছে। এছাড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর,চানপুর ও মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট এবং উত্তর নোয়ামুড়াসহ, বিভিন্ন এলাকায় বানিজ্যিক ভিত্তিতে মাল্টার চাষ হচ্ছে।
এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায়, দিনদিন এর বাগান করার প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। এসব উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়া হলে,কৃষিতে আরও সাফল্য আসবে বলে মনে করেন,সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



