
উজানের ঢল ও ভারিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছেই। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনাসহ অন্তত ১০টি নদী। এতে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। টানা পানিবন্দী থাকায়, চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গত এলাকার মানুষেরা।
দেশের বিভিন্ন নদ-নদীর ২২টি পয়েন্টে পানি বিপদসীমা ছাড়িয়ে বর্তমানে অন্তত ১৫ জেলায় মানুষ বন্যাকবলিত। উজানের দিক থেকে তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট, দুধকুমার,ধরলা,আত্রাই, যমুনা এবং মধ্যাঞ্চলে পদ্মা,ধলেশ্বরী ও তুরাগসহ ১০টি নদীর পানি ক্রমাগত বাড়ছে।

বন্যাক্রান্ত এলাকাগুলো বেশিরভাগই প্রায় মাসখানেক টানা পানিবন্দী। সবচেয়ে খারাপ অবস্থা উত্তররের জেলাগুলোর নদী অববাকিকায়। এসব জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায়, খাদ্যের সংস্থান করাসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।

এদিকে, মধ্যাঞ্চলেও নতুন করে প্লাবিত হয়েছে বহু এলাকা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙ্গন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়িসহ নানা স্থাপনা। অনেকে ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন।
বন্যার বিস্তার ঘটলেও, পানি দ্রুত নেমে যাওয়ার আশা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের আকাশে মৌসুমী বায়ু এখনও মোটামুটি সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চলতি সপ্তাহের শেষদিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বাংলাটিভি/শহীদ



