
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির দ্বিতীয়টিতে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ । মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বিকেল ৪টায়।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে লজ্জার হার উপহার দিয়ে দ্বিতীয় ম্যাচেও এই ধারা অব্যাহত রাখতে চায় মাহমুদউল্লাহ বাহিনী। অন্যাদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা টম লাথামের দল সিরিজে সমতায় ফিরতে মরিয়া।
ঘরের মাঠে টানা দুই ম্যাচে অপরাজিত বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে হারলেও মাহমুদউল্লাহ রিয়াদের দল সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। নিউজিল্যান্ড সিরিজেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া টিম টাইগার্স।
মাঝে মাত্র একদিন বিরতি থাকায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিশ্রামেই ছিল দু’দল। প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ের পর আভাস মিলেছে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার। এ ম্যাচেও দেখা মিলতে পারে স্পিনিং উইকেটের।
তবে বোলাররা প্রত্যাশা মেটাতে পারলেও ওপেনিং জুটি আবারও ব্যর্থ। আর তাই দ্বিতীয় ম্যাচে নাঈম ও লিটনের কাছে দারুণ শুরুর আশা অধিনায়ক মাহমুদউল্লাহর। অন্যদিকে, টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরে অলআউটের পর অস্বস্তিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে চিত্রনাট্য বদলাতে মরিয়া তারাও।
বাংলাটিভি/ সাকিব



