নিউজিল্যান্ডে সুপার শপে হামলা, হামলাকারী নিহত

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপার শপে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ২টা ৪০ মিনিটে অকল্যান্ডের নিউ লিনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অন্তত ছয় ব্যক্তিকে ছুরিকাঘাত করেন ওই হামলাকারী। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন।
এদিকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন তাদের এক প্রতিবেদনে জানায়, নিউ লিন সুপার মার্কেটে এক ব্যক্তি হঠাৎ লোকজনকে ছুরিকাঘাত করতে শুরু করেন। এতে অন্তত ৬ জন আহত হন। এ সময় পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। কিছুতেই যখন হামলাকারীকে থামানো যাচ্ছিল না তখন নিরূপায় হয়ে পুলিশ গুলি ছোড়ে। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের এক মুখপাত্র সিএনএনকে বলেন, পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হচ্ছে।
সিএনএন অধিভুক্ত রেডিও নিউজিল্যান্ড জানায়, আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এদের একজনের অবস্থা বেশি গুরুতর। ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এছাড়া অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় আতঙ্কিত ক্রেতারা লিনমল শপিং সেন্টারের ভেতরে ছুটোছুটি করছেন এবং অনেকে আতঙ্কে শপিং সেন্টার থেকে দৌড়ে বেড়িযে যাচ্ছেন। পরে সেখানে অস্ত্রাধারী পুলিশ এবং অ্যাম্বুলেন্স দেখা যায়।
এদিকে মার্কেট কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মার্কেটটি আপাতত বন্ধ থাকবে এবং এ বিষয়ে পরবর্তীতে হালনাগাদ তথ্য জানানো হবে।
বাংলাটিভি/ সাকিব



