
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৭ অক্টোবর শুরু হবে ব্যাট-বলে এই মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।
প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে নামবে মাহমুদউল্লাহ রিয়াদরা। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। ১৭ অক্টোবর পর্দা উঠে এই বিশ্বকাপের। আসরের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে।
বাংলাদেশ দল এই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে স্থানীয় সময় ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় এবং পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্থানীয় সময় ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাটিভি/ এআর



