
রেলকে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে বলে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। রেলপথমন্ত্রী আজ রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, রেল খাতের উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেআলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন, রেল খাতে অধিক বরাদ্দ দিচ্ছেন; নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।
রেলপথমন্ত্রী বঙ্গবন্ধুর উপর আলোকপাত করতে গিয়ে বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষনহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গরীব, দুখী মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর। নয় মাসের মধ্যে পৃথিবীর অন্যতম একটি সংবিধান বঙ্গবন্ধু উপহার দিয়েছিলেন বাঙালি জাতিকে। কিন্তু দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়ার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
রেলপথ মন্ত্রী বলেন, উন্নয়ন-অগ্রগতি ও স্বাধীনতাকে নিরাপদ করতে হলে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সর্বদা সতর্ক থাকতে হবে, বিচারের আওতায় আনতে হবে।
রেলপথ মন্ত্রী এ সময় রেলওয়েতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন একটি আধুনিক , যুগোপযোগী ও উন্নত রেল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । আর এটি করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
বাংলাটিভি/ এআর



