
আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য নিয়ে আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির জমজমাট মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অন্য দিকে সিরিজ হারলেও দুটি জয় নিয়ে সফর শেষ করতে চাইবে সফরকারীরা।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ হেরে অস্ট্র্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা।
প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটিং নৈপুণ্যের কারণে চতুর্থ ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।
ওই ম্যাচে আগে ব্যাট করে নয় উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এত অল্প লক্ষ্য তাড়া করতে নেমেও ১২তম ওভার শেষে ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল অসিরা। কিন্তু, সাকিব আল হাসানের এক ওভারে পাঁচটি ছক্কায় ৩০ রান তুলে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিস্টিয়ান।
প্রথম তিন ম্যাচ টানা হারের পর চতুর্থ টি-টোয়েন্টিতে চলতি বাংলাদেশ সফরে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া। হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া হলেও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করতে পারাটা বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে টাইগাররাও জয় চায় শেষ ম্যাচে।
চতুর্থ ম্যাচের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘রান তাড়া করাটা সব সময়ই কঠিন ছিল। কিন্তু, আমরা প্রথমে ব্যাট করার জন্য উইকেটের মূল্যায়ন করিনি। এটি ১২০ লক্ষ্যের উইকেট ছিল। তারপরও বোলারেরা ১৯তম ওভার পর্যন্ত ম্যাচটি নিয়ে গেছে।’
মাহমুদউল্লাহ আরও বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমাদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। আজকের উইকেটটি সবচেয়ে কঠিন ছিল। ড্যান ক্রিস্টিয়ান পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন। তবে, টি-টোয়েন্টি ম্যাচে এমনটা হতেই পারে।’
চতুর্থ ম্যাচটি জিততে পারলে দ্বিপক্ষীয় মোকাবিলায় জয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়ার সমান হতে পারতো বাংলাদেশ। আটটি মুখোমুখিতে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ তিনটিতে জয় পেয়েছে।
উল্লেখ্য, শনিবার চতুর্থ ম্যাচটি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হয়েছিল। তবে, কোনো ওভার কর্তনের দরকার পড়েনি। আজ যদি কোনো কারণে ম্যাচটি মাঠে না গড়ায়, তাহলে ৩-১ ব্যবধানেই সিরিজ জয় হবে বাংলাদেশের।
বাংলাটিভি/নিহান



