
টোকিও অলিম্পিকে সেমিফাইনালে টাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। টানা তৃতীয়বারের মতো ক্রীড়াযজ্ঞের ছেলেদের ফুটবল ইভেন্টের সোনার লড়াইয়ে লাতিন আমেরিকার দেশটি। ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলকে গোল করতে দেয়নি মেক্সিকো। অতিরিক্ত সময়েও কেউ লক্ষ্যভেদ করতে পারেনি। কিন্তু টাইব্রেকারে এসে গত অলিম্পিকের সোনাজয়ীদের আর আটকানো যায়নি।
অলিম্পিক ফুটবলের ইতিহাসে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। টোকিওতে প্রথম সেমিফাইনালে সেলেসাওরা টাইব্রেকারে ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
ব্রাজিলের হয়ে অধিনায়ক দানি আলভেস, মার্তিনেলি, গুইমারেস ও রেইনিয়ের লক্ষ্যভেদ করেছেন। বিপরীতে মেক্সিকোর আগুয়েইরোর শট গোলকিপার সান্তোস ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
ভাসকেজের শট পোস্টে লেগে ফিরে আসে। আর রোদ্রিগেস লক্ষ্যভেদ করলেও তাতে ম্যাচের ফলে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ২০১২ সালের পর আবারও ফাইনালে ওঠার সুযোগ থাকলেও মেক্সিকো তা কাজে লাগাতে পারেনি। বরং আন্দ্রে জারদাইনের দল ভাগ্য পরীক্ষায় জিতে আবারও সোনা জয়ের দ্বারপ্রান্তে।
বাংলাটিভি/ তানভীর হাসান



