চাঁদা না পেয়ে দক্ষিণ আফ্রিকায় এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ায় নোয়াখালির বোরহান উদ্দিন মানিক নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা করেছে দেশটির স্থানীয় সন্ত্রাসীরা। মানিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে বোরহান উদ্দিন মানিক। জীবিকার তাগিদে ২০১২ সালে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায় । দেশটির আমাসপোর্ট এলাকায় শুরু করেন ব্যবসা ।
গেলো কয়েক মাস ধরে স্থানীয় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে গেলো শনিবার দুপুরে কয়েকজন সন্ত্রাসীরা হামলা চালিয়ে দোকানের মালামাল লুট করতে থাকে। এ সময় বাধা দিলে মানিকের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীকে আটক করেছে সেদেশের পুলিশ। মানিকের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে-মেয়ে কান্নায় ভেঙে পড়েন। খুনিদের বিচার দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত নিহতের পরিবারের ক্ষতিপূরণ ও প্রবাসীদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।আর কোন রেমিট্যান্স যোদ্ধা যেন এভাবে হত্যাকান্ডের শিকার না হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারের কূটনৈতিক তৎপরতার দাবী স্বজন ও এলাকাবাসীর।
বাংলা টিভি/ এস



