Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিআওয়ামী লীগদেশবাংলাবাংলাদেশসরকার

প্রধানমন্ত্রীর ৩ হাজার ২শ কোটি টাকার নতুন ৫ প্রণোদনা ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন। দেশের বেশিরভাগ অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তাদের সহযোগিতার জন্য ৩ হাজার ২ শত কোটি টাকার বিশেষ ৫টি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২ শত কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন সরকার প্রধান।

প্রণোদনা প্যাকেজের আওতায় ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ দিনমজুরকে, ২ লাখ ৩৫ হাজার ৩৩ পরিবহন শ্রমিককে, ৫০ হাজার ৪৪৬ ক্ষুদ্র ব্যবসায়ীকে এবং ১ হাজার ৬০৩ নৌ পরিবহন শ্রমিককে জনপ্রতি নগদ ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শহরে নিম্ন আয়ের মানুষের জন্য আগামী ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

গ্রামীণ এলাকায় ৪ শতাংশ সুদে ঋণ প্রদানের লক্ষ্যে ইতিপূর্বে ৩ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। ঋণ প্রদানের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে ৪ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা প্রদানের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

৩৩৩ ফোন নম্বরে জনসাধারণের অনুরোধের প্রেক্ষিতে খাদ্য সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে ১০০ কোটি টাকা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button