নেদারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক-রিপাবলিক

ইউরোকাপ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নেদারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে চেক রিপাবলিক উজ্জীবিত পারফরম্যান্সে উঠে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রোববার শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে জিতেছে চেকরা।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে উড়ছিল নেদারল্যান্ডস। কিন্তু নকআউটে এসে নিজেদের মেলে ধরতে পারল না তারা। পুরো ম্যাচে তাদের একটি শটও লক্ষ্যে ছিল না! শটই নিতেই পারে কেবল ৬টি। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।
ওই সুযোগটাই কাজে লাগায় তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে শেষ ষোলোয় ওঠা চেক রিপাবলিক।
নেদারল্যান্ডস শুরুটা করে আত্মবিশ্বাসী। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভেদ করতে পারছিলেন না ডিপাই-ডামফ্রিসরা।
২২তম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় চেক রিপাবলিক। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের মুখে ডাইভিং হেডে চেষ্টা করেন তমাস সুসেক, কিন্তু লক্ষ্যে থাকেনি।
৩৮তম মিনিটে দারুণ একটি সুযোগ আসে চেক রিপাবলিকের বারাকের সামনে। সতীর্থের পাসে আট গজ দূর থেকে তার নেওয়া শট ডি লিখটের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পাস দেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। কিন্তু কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ফন আনহোল্ট।
৫১তম মিনিটে সুবর্ণ সুযোগ পান ডোনিয়েল মালেন। চেক রিপাবলিকের কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যান তিনি। সামনে একমাত্র বাধা গোলরক্ষক, এগিয়ে এসে তাকে রুখে দেন তমাস ভাসিলিক।
পরের মিনিটেই মারাত্মক ভুলটা করে বসেন ডি লিখট। নিজেদের ডি-বক্সের সামনে পাত্রিক শিককে আটকাতে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকান তিনি। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআরের সাহায্যে তাকে লাল কার্ড দেখান রেফারি।
৬৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পায় চেক রিপাবলিক। ডি-বক্সে পাভেল কাদেরাবেকের শট ঠেকান ডামফ্রিস। এর মিনিট তিনেক পরই এগিয়ে যায় চেকরা। ডান দিক থেকে সতীর্থের ফ্রি-কিকে গোলমুখে উড়ে আসা বল তমাস কালাস হেডে বাড়ান জটলার মধ্যে সতীর্থকে, সেখানে হেডেই বল জালে পাঠান হোলেস।
৮০তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন তিনি। গোলরক্ষক ভাসিলিকের লম্বা করে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেনি ডাচ ডিফেন্ডাররা। বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন হোলেস।
বাংলাটিভি/ এস



