আটকে পড়া কুয়েত প্রবাসীদের জন্য নির্ধারিত টিকার ব্যবস্থা করা হচ্ছে

করোনার কারনে ছুটিতে দেশে এসে আটকা পড়া কুয়েত প্রবাসীদের জন্য কুয়েত সরকার নির্ধারিত টিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। বাংলা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধাদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফেরার ব্যবস্থা করছে সরকার।
ছুটিতে দেশে এসে মহামারী করোনায় আটকে পড়া কুয়েত প্রবাসীরা কর্মস্থলে ফেরা নিয়ে উদ্বিগ্ন। এমন সময় কুয়েত সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে…তাদের অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার দুই ডোজ টিকা নেওয়া ছাড়া কোন বৈধ প্রবাসী আগামী পহেলা আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
নতুন এ ঘোষনায় আরো হতাশায় পড়েন কুয়েত প্রবাসীরা। কারণ যেখানে দেশে নিয়মিত টিকা নিশ্চিতে সরকার হিমশিম খাচ্ছে সেখানে, নির্ধারিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মডার্নার টিকার ব্যবস্থা হবে কিভাবে ? কিন্তু টিকা না পেলে কুয়েতে কাজে ফিরতে পারবে না তারা। তাই অগ্রাধিকারের ভিত্তিতে টিকার ব্যবস্থা করার দাবী কুয়েতগামী প্রবাসীদের।
প্রবাসীদের প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের টিকা সংগ্রহে রাখার উপর জোর দিলেন ব্র্যাকের অভিবাসন কর্মকর্তা
প্রবাসীদের কর্মস্থলে ফেরার সুবিধার কথা বিবেচনায় রেখেই, টিকার ব্যবস্থা করতে কাজ চলছে বলে বাংলা টিভিকে জানিয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম ।
প্রবাসীরা দ্রুত টিকা গ্রহণ করে ফিরবেন নিজ নিজ কর্মস্থলে। সম্মৃদ্ধ করবেন দেশের অর্থনীতির চাকা, বাড়বে রেমিটেন্স প্রবাহ এমনটাই প্রত্যাশা কুয়েতগামী প্রবাসীদের।
বাংলাটিভি/ এস



