গাজায় ইসরায়েলি হামলা আরও জোরদার; এলাকা ছাড়ছে হাজার বাসিন্দা

ফিলিস্তিনের এলাকাগুলোয় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলে। এ হামলা থেকে বাঁচতে হাজারো মানুষ গাজা ছাড়ছে। আজ শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৬ শিশুসহ ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়েছে এবং ফিলিস্তিনিরা পেট্রলবোমা ছুড়েছে। এ ছাড়া গাজাতেও হামলা অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আজ বলেছে, গতকাল শুক্রবার রাতভর গাজায় হামলা চালানো হয়েছে।
ইসরায়েল তার হামলার বড় লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছিল ফিলিস্তিনের পুলিশ, গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনীর ভবন। এরপর গাজায় একটি শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনিতে হামলা বন্ধে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এমন আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য যা করা দরকার, তা–ই করা হবে।
এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবারে ওই সংঘর্ষের সূচনার পর থেকে এ পর্যন্ত দুই হাজার রকেট ছোড়া হয়েছে ফিলিস্তিন থেকে। এসব হামলায় এক সেনা, এক শিশুসহ ৯ জন নিহত হয়। আর আহত হয় প্রায় সাড়ে ৫০০ জন। এসব হামলার জবাবে ৮০০টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।



