
চীন থেকে আনা সিনোফার্মার কোভিড টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে চীন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন। এ সময়, বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ হিসেবে চীন এমন সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা ব্যাক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার ভোরে চীনে উৎপাদিত সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা বহনকারী বিমানটি কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে করে এ টিকা ও এডি সিরিঞ্জ আনা হয়।
পরে বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই টিকা ও সিরিঞ্জ হস্তান্তর করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং ।
এ সময়, বন্ধু দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন, লি জিমিং।
চীনা সরকার ও চীনের জনগনকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সিনোফার্মার আরও ভ্যাকসিন পেতে চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন নেয়ার সরকারী সিদ্ধান্তের কারণেই চীনের টিকা পেতে দেরি হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারে অনুমোদন পাওয়া সিনোর্ফামার ভ্যাকসিন বিশ্বের ৬৩টি দেশে ব্যবহৃত হচ্ছে।
বাংলাটিভি/শহীদ



