Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব নিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ

 ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব নিয়ে এ বছরের আগস্টেই মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সুপার লিগের প্রতিষ্ঠাতা হিসেবে ১২টি ক্লাবের কথা জানানো হয়েছে ইএসএলের পক্ষ থেকে।

ইতোমধ্যেই ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলো অফিসিয়ালি এই টুর্নামেন্ট নিয়ে বিবৃতিও দিয়েছে। আর এমন ঘোষণা আসার পর থেকেই নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজকে চেয়ারম্যান করে রোববার (১৮ এপ্রিল) রাতে ঘোষণা এসেছে ইউরোপিয়ান সুপার লিগের নতুন কমিটির। ইউরোপিয়ান সুপার লিগের নতুন গভার্নিং বডির তালিকায় রয়েছেন- ভাইস চেয়ারম্যান: স্ট্যান ক্রোয়েঙ্কে (আর্সেনাল), ভাইস চেয়ারম্যান: আন্দ্রেয়া অ্যাগ্নেলি (জুভেন্টাস) ও ভাইস চেয়ারম্যান: জোয়েল গ্লেজার (ম্যানচেস্টার ইউনাইটেড)।

দর্শক-সমর্থকদের কথা মাথায় রেখে একই মৌসুমে ইউরোপের বড় বড় দলকে অন্তত একবার মুখোমুখি করাতে ইউরোপিয়ান সুপার লিগ নামে একটা টুর্নামেন্টের কথা নাকি ভাবা হচ্ছে।

এদিকে নতুন এই সুপার লিগের আবির্ভাবের পরপরই বিবৃতি দিয়ে হুশিয়ার করেছে উয়েফা। তারা এই ১২টি ক্লাবকে সতর্ক করে জানিয়েছে যে, কেউ যদি এই বিদ্রোহী টুর্নামেন্টে অংশগ্রহণ করে তবে তারা চ্যাম্পিয়নস লিগ থেকে বহিষ্কার হবে। এছাড়াও প্রত্যেকটি শীর্ষ ঘরোয়া লিগ কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকও করেছে উয়েফা। এছাড়াও ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার স্মরাণাপন্নও হয়েছে তারা।

ইউরোপিয়ান গণমাধ্যম জানাচ্ছে এই টুর্নামেন্টটি মূলত শীর্ষক্লাবগুলোকে কাড়িকাড়ি অর্থ এনে দেবে। ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই প্রত্যেকটি ক্লাব ৩৫০ মিলিয়ন ইউরো করে পকেটে পুরবে। আর তাই তো ফিফা ও উয়েফার হুমকি উপেক্ষা করে হলেও সুপার লিগে মাঠে নামতে পারে ক্লাবগুলো।

সুপার লিগের (ইএসএল) প্রতিষ্ঠাতা হিসেবে ১২টি ক্লাবের কথা জানানো হয়েছে ইএসএলের পক্ষ থেকে। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রয়েছে ছয়টি ক্লাব: লিভারপুল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। স্পেন থেকে আছে: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যালেটিকো মাদ্রিদ। ইতালিয়ান সিরি থেকে: জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান। তবে ইংল্যান্ড, স্পেন আর ইতালি থেকে শীর্ষ ক্লাবগুলো নিজেদের সম্পৃক্ততা জানান দিলেও এখন পর্যন্ত জার্মানি ও ফ্রান্সের লিগ থেকে কোনো ক্লাব এই লিগে যোগ দিবে কিনা তা জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ ও লাইপজিগ যোগ দিবে।

সুপার লিগের পক্ষ থেকে জানিয়েছে, তারা নিজ নিজ ঘরোয়া লিগে খেলার পাশাপাশি সপ্তাহের মাঝে নতুন এক প্রতিযোগিতা শুরুর বিষয়ে একমত হয়েছে। যত দ্রুত সম্ভব বাস্তবায়নযোগ্য পরিস্থিতি তৈরি হলেই সুপার লিগ মাঠে গড়াবে।

ইএসএল এক বিবৃতিতে জানায়, আরও তিনটি ক্লাব রয়েছে প্রতিষ্ঠাতা ক্লাবগুলোর তালিকায়। অর্থাৎ মোট ১৫টি ক্লাব। এই ১৫ দল সব সময় এই লিগে থাকবে। আরও পাঁচ দলকে আমন্ত্রণ জানানো হবে প্রতি মৌসুমে। অর্থাৎ মোট ২০ দল নিয়ে হবে সুপার লিগ।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button