
করোনা প্রতিরোধে শুধু ভ্যাকসিন নিয়ে বসে না থেকে, মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শেষে, একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এছাড়া দেশজুড়ে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে ২৪ মে’র আগেই করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালী প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশ নেন। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, রমজানে ভোজতেল, চিনি, ছোলা, মুসরের ডাল, খেজুর,পেঁয়াজসহ নিত্যপন্য সরবরাহে কোন ঘাটতি হবে না বলে, মন্ত্রিসভাকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজকের মন্ত্রিসভায়, করোনাভাইরাস প্রতিরোধে কেবল ভ্যাকসিন নিয়েই বসে না থেকে, সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মেনে চলা তাগিদ দিয়েছেন, প্রধানমন্ত্রী।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন-২০২১’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের পথ সুগম করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বর্তমানে এক হাজার ২৯টি সিটের বাইরে হাসপাতালটিতে আরও ১০০ সিট বাড়ানো হবে বলে জানান তিনি।
এদিকে, বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের কলেবর বৃদ্ধির ফলে শিশুদের সেবার মান আগামীতে আরও বাড়বে। আর, দেশজুড়ে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে ২৪ মে’র আগেই টিকা দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।
এছাড়া সরকারি ঋণ আইন-২০২১ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



