
কোনভাবেই যেন থামছে না রাজধানীর চালের বাজার। প্রতি সপ্তাহেই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এ নিয়ে রীতিমত ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এদিকে, বাজারে আসা নতুন সব সবজির দামও চড়া। তবে মাছ-মাংসের বাজার রয়েছে গেল সপ্তাহের মতই। আর ভোজ্যতেল বিক্রি হচ্ছে সরকারের বেধে দেয়া দামেই।
বাঙ্গালির খাদ্য তালিকার শীর্ষে থাকায় চালের চাহিদা সব সময়ই একটু বেশি। তবে গেল কয়েক মাস ধরে অতি প্রয়োজনীয় এই খাদ্যপণ্যের বাজার যেন একেবারে লাগামছাড়া। কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে প্রতিদিনই।
খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিপ্রতি গিয়ে ঠেকেছে ৬৪ টাকায়। এ ছাড়া নাজিরশাইল ৬৬ এবং অন্য সব চালও বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চেয়ে বেশি দামে।
এ নিয়ে রীতিমত ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি তাদের।
চলতি বছরের প্রথম থেকেই অস্থির ভোজ্যতেলের বাজার। অনিয়ন্ত্রিয়তভাবে বাড়তে থাকা পণ্যটির বাজারমূল্যের লাগাম টানতে, লিটারপ্রতি বোতলজাত সয়াবিনে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা বেঁধে দেয় সরকার। এখন তা বিক্রি হচ্ছে সে দামেই।
এদিকে, শীতের সবজির পাশাপাশি বাজারে আসতে শুরু করেছে সজনে, পটল, ঢেঁড়স, ঝিঙেসহ বেশ কিছু গ্রীষ্মকালীন সবজিও। তবে দাম বেশ চড়া। তবে, ফুলকপি সিম লাউ বেগুন প্রভৃতি বিক্রি হচ্ছে আগের দামেই।
বছরজুড়ে ভোগান্তিতে ফেলা আলু আর পেঁয়াজের বাজারেও এখন অনেকটাই স্বস্তি। অন্যদিকে মাছ-মাংসের বাজার দর রয়েছে অপরিবর্তিত।
বাংলাটিভি/শহীদ



