
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বুধবার রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধে ও স্বাধীন বাংলাদেশ পরিচালনায় তার অবদান ছিলো স্মরণীয়। দেশের নির্বাচন পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো এইচ টি ইমামের।
হোসেন তৌফিক ইমাম। রাজনৈতিক জীবনে ব্যাপক পরিচিত এইচ টি ইমাম নামে। জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে। স্কুলজীবন পার করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া, কলকাতা ও ঢাকার কলেজিয়েট হাইস্কুলে। রাজশাহী কলেজ থেকে বিএ ডিগ্রী নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কর্মজীবনে রাজশাহী কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সরকারি কর্মকর্তা হিসেবে যোগ দেন।
১৯৭১ সালে পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দেন এইচ টি ইমাম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি। ১৯৭৫ সালের ২৬ অগাস্ট পর্যন্ত তিনি মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্বে ছিলেন। অবসর নেয়ার পর আওয়ামী লীগে সক্রিয় হন এই আমলা। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িদ্ব পালন করেন এইচ টি ইমাম।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা হন তিনি। ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত এ পদে বহাল ছিলেন এইচ টি ইমাম। দেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও রাজনীতি নিয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন এই রাজনীতিবিদ।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



