
এগিয়ে আসছে একুশে বইমেলার ক্ষণ। দীর্ঘ এক মাসের এ আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি। শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন স্টল বানানোর কাজে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের বইমেলা একটু বেশিই বিশেষ। অন্য বছরের তুলনায় এবার বাড়ানো হয়েছে মেলার পরিসর। বাড়ছে স্টল ও প্রকাশনীর সংখ্যাও। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় তিন লাখ বর্গফুট জায়গাজুড়ে হবে এবারের বইমেলা।
এছাড়া, মেলার আনুষ্ঠানিকতাও হবে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে। আয়োজনেও আনা হবে বৈচিত্র্য। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে থাকবে বিভিন্ন আসর ও সাহিত্যালোচনা। তবে করোনা ভাইরাসের শঙ্কার মধ্যেই বইমেলা অনুষ্ঠিত হবে বলে স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি থাকবে। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার মেলায় প্রথমবারের মতো প্রবেশদ্বার হিসেবে যুক্ত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেটটি। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের বাকি দুই প্রবেশপথ হবে টিএসসি এবং বাংলা একাডেমির উল্টোদিকের মন্দির সংলগ্ন গেইট।



