
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা সকল পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে।
এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।
এরআগে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভের চেষ্টাকালে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।
আটক শিক্ষার্থীরা হলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ, হাসান আল মাহদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী আল আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজল মিয়া, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের মিরাজুল ইসলাম। বাকি তিন জনের নামপরিচয় জানা যায়নি।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনের মুখে শর্তসাপেক্ষে তাদের দাবি মেনে নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।



