Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

দেশবরেণ্য দুই ব্যাক্তির মৃত্যুতে শোকাহত গোটা জাতি

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিদায় নিলেন দেশের দুই খ্যাতিমান ব্যাক্তিত্ব, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ এবং খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ।

দেশবরেণ্য এই দুই ক্ষণজন্মা পুরুষের আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা জাতি। আধুনিক বাংলাদেশ গঠনে তাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন দেশের ব্যাংকিং ব্যবস্থা আধুনিকায়নের প্রবাদ পুরুষ খোন্দকার ইব্রাহিম খালেদ। করোনা আক্রান্ত হয়ে বেশ কদিন ধরে চিকিৎসা নেয়ার পর আজ না ফেরার দেশে পারি জমান খ্যাতিমান এই অর্থনীতিবিদ। বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।

১৯৪১ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন খোন্দকার ইব্রাহিম খালেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে স্নাতকোত্তর ও আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর ১৯৬৩ সালে ব্যাংকিং পেশায় যুক্ত হন। তার বর্ণাঢ্য জীবনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খোন্দকার ইব্রাহিম খালেদ এর মৃত্যুতে এক প্রতিভাধর সন্তানকে হারালো দেশ।

এর আগে গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন  খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ। অনেকটা হঠাৎ করেই তার চলে যাওয়ায় শোক নেমে আসে চারিদিকে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হয় গুণী এই সাংবাদিকদের মরদেহ। সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় দেশবরেণ্য এই সাংবাদিকের।

১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের এলাচিপুরের সৈয়দ পরিবারে জন্ম আবুল মকসুদের। ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করার পর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরে তিনি তৎকালীন পশ্চিম জার্মানি থেকে সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা করে দেশে ফেরেন।

নানা বিষয়ের ওপর পাণ্ডিত্য অর্জনের মধ্য দিয়ে বর্ণাঢ্য জীবন অতিবাহিত করে গেছেন আবুল মকসুদ। আমৃত্যু তিনি কাজ করে গেছেন মানুষের কল্যাণে।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button