
আজ (মঙ্গলবার) শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে রাত ২টায় ন্যু ক্যাম্পে নেইমার বিহীন পিএসজিকে আতিথ্য দেবে বার্সেলোনা। একইসময়ে জার্মান ক্লাব আরবি লাইপজিগের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো দেখা হচ্ছে দুই ক্লাবের।
লিওনেল মেসি বনাম নেইমার, চ্যাম্পিয়ন্স লিগে এর চেয়ে বড় উন্মাদন আর কি-বা হতে পারতো! দিলোনা ইনজুরি, বোন রাফায়েলার জন্মদিনের অভিশাপ থেকে এবারো মুক্তি মেলেনি ব্রাজিল সেনসেশনের। ন্যু ক্যাম্পে ফেরার স্বপ্নটা, একদিনের জন্য হলেও সত্যি হতে পারতো নেইমারের।
আসরে বার্সা-পিএসজি ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। শেষ তিন দেখায় প্যারিস সেন্ট জার্মেইকে আসর থেকে বিদায় করে বার্সা। হোম ভেন্যুতে বিগ ম্যাচের আগে, ইনজুরি নিয়ে বেশ ভোগান্তিতে আছেন কোচ কোম্যান। কৌতিনিহো, আরাওহো, পিকে, ব্রাথওয়েট, ফাতিসহ বেশ কয়েকজন খেলতে পারবেন না।
রাউন্ড অব সিক্সটিনের আগে পিএসজির দুশ্চিন্তা আরো বাড়িয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার ইনজুরি। অনিশ্চয়তায় পাওলো সারাবিয়া ও মার্কো ভেরাত্তিও। চারবারের চেষ্টাতে এখনো ন্যু ক্যাম্প জয় করা হয়নি পিএসজির। যদিও ঘরোয়া ফুটবলের শেষ চার ম্যাচে শতভাগ জয় পচেত্তিনিরি শিষ্যদের।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো দেখা হচ্ছে লিভারপুল ও লাইপজিগের। তবে নিজ দেশে ভ্রমন জটিলতার কারণে হাঙ্গেরিতে হোম ম্যাচ খেলতে হচ্ছে জার্মান রাইজিং জায়ান্টদের।
দুঃসংবাদ আরও বাড়িয়েছে জাস্টিন ক্লুইভার্টের ইনজুরি। বুদাপেস্টের পুস্কাস এরেনায় ডাচ উইঙ্গারকে পাবেন না হুলিয়ান নাগেলসম্যান। একের পর ইনজুরি আর বাজে ফর্মে নাকাল লিভারপুল। ইপিএলে টানা তিন ম্যাচ হারের পর ইংলিশ গনমাধ্যমে গুঞ্জন, ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে অলরেড ড্রেসিং রুম।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



