
দুইদিন বিরতি শেষে আজ (বুধবার) আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। চতুর্থ রাউন্ডের ম্যাচে কিছুক্ষণ আগে শুরু হয়েছে উত্তর বারিধার-ব্রাদার্স ইউনিয়নের খেলা। এ ম্যাচ দিয়ে দেশের ফুটবলের আরেকটি নতুন ভেন্যু হিসেবে যাত্রা শুরু করলো টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম।
এদিকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাড়ে তিনটায় শেখ জামালের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। আর সন্ধ্যা ছয়টায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ।
টানা তিন জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে অস্কার ব্রুজেনের শিষ্যরা। শেষ ম্যাচে নিজেদের হোম ভেন্যুতে দুর্বল ব্রাদার্স ইউনিয়নকে হারাতে ঘাম ঝড়াতে হয় রবসন-জনাথনদের। এখন পর্যন্ত লিগে তিন গোল করে টপ স্কোরার ব্রাজিলিয়ান রবসন সিলভা। দারুন রসায়ন তৈরি করেছে দুই লাতিন জনাথন ফার্নান্দেস ও রাউল বেছারারের সাথে।
অন্যদিকে, এক ড্র ও দুই হারে টেবিলের দশ নাম্বারে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে রুখে দিলেও পরের দুই ম্যাচে হেরে বসে রহমতগঞ্জ। শেখ রাসেলের কাছে ১-০ গোলে হারার পর আবাহনী লিমিটেড ঢাকার কাছেও শেষ মুহূর্তের গোলে হারতে হয় গোলাম জিলানীর শিষ্যদের।



