নাইজারে জঙ্গি হামলায় নিহত ৭৯

আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে, এ খবর জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, দুই গ্রামের মধ্যে চোম্বঙ্গু গ্রামের ৪৯ জনকে হত্যা করা হয়েছে। সেখানে আরো ১৭ জন আহত হন। এছাড়া জারমদারে গ্রামে হামলা চালিয়ে আরো ৩০ জনকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নাইজার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এর আগেও জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেট-আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে। প্রতিবেশী দেশ মালি, বুরকিনা ফাসো ও নাইজেরিয়াতেও গত বছর হামলায় শতাধিক মানুষ নিহত হয়।
মাত্র একদিন আগেই, ফ্রান্স জানিয়েছে মালিতে সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেছেন তাদের ৩ সেনাসদস্য। আল-কায়েদাপন্থি একটি স্থানীয় সশস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করেছে।
পশ্চিম আফ্রিকার দেশটিতে সন্ত্রাসবাদ দমনে যে আন্তর্জাতিক অভিযান পরিচালিত হচ্ছে তার নেতৃত্বে রয়েছে ফ্রান্স। অঞ্চলটিতে, জাতিগত দ্বন্দ্বের পাশাপাশি রয়েছে মাদক-মানব চোরাচালান এবং ডাকাতির প্রবণতা।



