
২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়া কাপ ফুটবল বাছাইয়ে, ফিরতে লেগের ম্যাচে আজ (শুক্রবার) বাংলাদেশ দলের প্রতিপক্ষ কাতার। সফরকারীদের জন্য পঞ্চম ম্যাচ হলেও স্বাগতিকদের এটা ষষ্ঠ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া ‘ই’ গ্রুপের এ ম্যাচটি আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
কাতার এশিয়ার সেরা দল। ২০২২ বিশ্বকাপের আয়োজকও তারা। বিশ্বকাপে ভালো করতে, কয়েক বছর ধরেই নিয়েছে বিশ্বমানের প্রস্তুতি। দলটির বেশ কিছু ফুটবলার বিদেশি লিগে খেলেন। তাদের সঙ্গে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামাটা বাড়াবাড়ি। বরং ড্র করার মিশনে খেলতে হবে রক্ষণাত্মক ফুটবল। যার বাড়তি দায়িত্ব নিতে হবে ডিফেন্ডারদের।
ফুটবল মাঠে প্রতিপক্ষকে রুখতে কাতারিয়ানরা কখনো কখনো চীনের মহাপ্রাচীর। মরুর বুকে বাংলার রক্ষণদূর্গের দায়িত্ব নিতে হবে তপু, বিশ্বনাথ, ইয়াসিন খানদের।
দুটি প্রস্তুতি ম্যাচে হার সতর্ক করেছে জামাল ভূঁইয়াদের। স্থানীয় ক্লাবের সঙ্গেই যেখানে হার, মূল ম্যাচটি তাই গুরুত্ব দিয়ে খেলতে হবে লাল সবুজদের। সেজন্য টিমের সমন্বয় ও রক্ষণভাগের খেলোয়াড়দের ‘ল’ বলের যোগান দেয়াসহ সুযোগ পেলে যেতে হবে কাউন্টার অ্যাটাকে।
প্রতিপক্ষ যখন এশিয়ার চ্যাম্পিয়ন- তখন ড্র নিয়ে ঘরে ফিরলে, দেশের জন্য সেটাই হবে জয়ের আনন্দ, এমনটাই অভিমত ফুটবল ভক্তদের।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



