এবছর প্রবৃদ্ধিতে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে যাবে: আইএমএফ

২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে এ প্রবৃদ্ধিতে বাংলাদেশ এশিয়ার তৃতীয় বড় অর্থনীতির দেশ ভারতকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ।
একে বাংলাদেশের বড় অর্জন হিসেবে দেখছেন, অর্থনীতিবিদরা। তবে এ ধারায় টিকে থাকতে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও দিয়েছেন তারা।
সাম্প্রতি আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে জানানো হয়, ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮০ শতাংশে। এতে দেশের মাথাপিছু আয় বেড়ে হবে, ১ হাজার ৮৮৮ ডলার। আর, ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক ৩ শতাংশ।
এতে দেশটির মাথাপিছু আয় ১ হাজার ৯০০ ডলার থেকে কমে, ১ হাজার ৮৭৭ ডলারে নামবে। ওই প্রতিবেদনে, পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি মাইনাস শূন্য দশমিক ৪ এবং শ্রীলংকার মাইনাস ৪ দশমিক ৬ শতাংশ হবে বলেও আভাস দেয়া হয়।
জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে, তাকে দেশের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন সিপিডির নির্বাহী পরিচালক। তবে এই ধারা অব্যাহত রাখতে সরকারকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তাগিদও দেন এই অর্থনীতিবিদ।
আইএমএফ-এর এই তথ্যকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম জানান, এটা ধরে রাখতে অবশ্যই নারী এবং তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে।
একই সঙ্গে, সরকারকে অর্থনীতির সব ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও মনে করেন, এই বিশেষজ্ঞরা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



