
মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি হারিয়ে দেশে ফিরেছেন অসংখ্য প্রবাসী। তাদেরই অনেকেরই দিন কাটছে অনিশ্চয়তায়।তবে করোনায় ক্ষতিগ্রস্ত এসব প্রবাসী শ্রমিকদের ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সরকারী প্রণোদনার পাশাপাশি পুনরায় তাদের নিজ কর্মে ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
সরকারি-বেসরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পৃথিবীর ১৬৯টি দেশে প্রায় ১ কোটি ২২ লাখ প্রবাসী বাংলাদেশী কর্মরত। এর মধ্যে মহামারী করোনার কারণে চলতি বছরের ১ এপ্রিল থেকে ২৭ আগস্ট পর্যন্ত ২৬টি দেশ থেকে চাকরি হারানোসহ নানা কারণে প্রায় ১ লাখ প্রবাসী কর্মী দেশে ফিরেছেন।
ফলে যারা এতদিন রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তাদের অনেকেরই জীবন কাটছে আর্থিক অনিশ্চয়তায়।সরকার ঘোষিত প্রণোদনা বা কোন ধরণের আর্থিক সহযোগিতা না পাওয়ার কথাও বলেছেন কেউ কেউ ।
তবে,ক্ষতিগ্রস্ত এসব প্রবাসীদের বিশেষ প্রণোদনার ব্যবস্থার পাশাপাশি সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত তা চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে বিভিন্ন দেশের শ্রমবাজার খুলতে শুরু করায় খুব অল্প সময়ের মধ্যে ফেরত আসা শ্রমিকরা নিজ কর্মে যোগ দিতে পারবেন। শুধু তাই নয়, করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাড়াতে বছরের শেষের দিকে বিশ্ব ব্যাংক থেকেও বড় ধরনের ঋণ পাওয়া যাবে বলে জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বাংলাটিভি/শহীদ



