
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতলেও, কমিউনিটি শিল্ড জিততে পারেনি লিভারপুল। টাইব্রেকে ৫-৪ গোল ব্যবধানে তারা হেরেছে আর্সেনালের কাছে।
ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে প্রথম থেকেই লিভারপুলকে চাপে ফেলে আর্সেনাল। মৌসুম জুড়ে প্রিমিয়ার লিগে তেমন সুবিধা করতে না পারা গানার্স কমিউনিটি শিল্ডের ফাইনালে এগিয়ে যায় ১২ মিনিটেই। ৭৩ মিনিটে সমতায় ফেরে অলরেডসরা। মিডফিল্ডার তাকুমি মিনামিনো নাম তোলে স্কোরশিটে।
নির্ধারিত এবং অতিরিক্ত সময় পার হয় ১-১ সমতায়। তাতে ফলাফল নির্ধারনে বেছে নেয়া হয় টাইব্রেকার। লিভারপুলের রিয়ান ব্রিউস্টারের শট মিস হওয়ায় শিরোপা জিতে নেয় আর্সেনাল।
খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ অংশটা যে ক্লাবের জার্সিতে খেলেছেন, ম্যানেজার হিসেবে সেই আর্সেনালের দায়িত্ব নেয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে শিরোপা এনে দিলেন কোচ মিকেল আর্তেতা।



